Welcome to my Blog

Monday, 15 July 2013

সিঁড়ি/Siri

সিঁড়ি
সুকান্ত ভট্টাচার্য


আমরা সিঁড়ি

তোমরা আমাদের মাড়িয়ে

প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,

তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে ;

তোমাদের পদধূলিধন্য আমাদের বুক

পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন ।

তোমরাও তা জানো,

তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত,

ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে

চেপে রাখতে চাও পৃথিবীর কাছে

তোমাদের গর্বোদ্ধত, অত্যাচারী পদধ্বনি ।

তবু আমরা জানি,

চিরকাল আর পৃথিবীর কাছে

চাপা থাকবে না

আমাদের দেহে তোমাদের এই পদাঘাত ।

আর সম্রাট হুমায়ুনের মতো

একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন ।।

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.