Welcome to my Blog

Wednesday, 3 July 2013

মোহিতলাল মজুমদার/Mohitlal Majumdar

মোহিতলাল মজুমদার (১৮৮৮-১৯৫২)
             রবীন্দ্র-পরবর্তী কবিদের মধ্যে অন্যতম মোহিতলাল মজুমদার । কবি রবীন্দ্র-উত্তরণের যে পথের সন্ধান দিয়েছিলেন, সেই প্রদর্শিত পথে কাব্য রচনা করেছেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে (প্রথম দিকে ) এবং পরবর্তিকালে অনেকে । কল্লোল ও কালিকলম (পত্রিকা )-কে অবলম্বন করে রবীন্দ্র-উত্তরণের যে প্লাবন শুরু হয়েছিল তাতে মোহিতলালের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পরিলক্ষিত হয় । প্রথম দিকে কবির কাব্যের মধ্যে ভোগবাদের রূপপিপাসা লক্ষ্য করা য়ায় । সেই সময় এই দেহাশ্রিত ভোগবাদ তথা রূপপিপাসা অবলম্বন করেই রবীন্দ্রোত্তর কাব্যের দিক্‌দর্শনের প্রচেষ্ঠা চলে । তবে শেষের দিকে এই রূপপিপাসার সঙ্গে বৈষ্ণব, তান্ত্রিক ও বেদান্তের জীবনদর্শনের কিছুটা সমন্বয় করে বলিষ্ঠ ক্লাসিকাল ভঙ্গিতে কবিতা রচনা করেছেন । প্রথম দিকে তাঁর কাব্যে রবীন্দ্রনাথ ও সত্যেন্দ্রনাথের প্রভাব যথেষ্ট ছিল, ক্রমে কবি তা অতিক্রম করেছিলেন । বস্তুত মোহিতলালের ক্লাসিকাল গঠনশিল্প, সুবিন্যস্ত ভাবসজ্জা, জীবনসত্য প্রকাশের বলিষ্ট ভঙ্গি ও ছন্দের ভাবনা নিয়ন্ত্রিত, যা সমকালীন অন্যান্য কবির আঙ্গিক শিথিলতা, ভাবের অজস্র উৎসার ও ছন্দোসিলাসের আতিশয্যের এক অসাধারণ ব্যতিক্রম ও মননদৃপ্ত প্রতিবাদ । পৃথিবীর প্রতি কতকটা নাস্তিক্যবাদী ধারণা প্রকাশ করেও কবি সর্বত্রই জীবনবাদী, কবি দেহাশ্রিত প্রেমকে স্বীকার করেও বৈষ্ণব-শাক্ত সাধনার তত্তটি গ্রহণ করতে পেরেছিলেন । কবি রোমান্টিক দৃষ্টিতে বলিষ্ঠ জীবনবোধকে আশ্রয় করে ক্লাসিকাল বাক্‌নির্মিতি ও নিটোল ছন্দোপ্রকরণে অনন্য-সাধারণ কবিপ্রাণের পরিচয় রেখেছেন । মোহিতলালের কাব্যগ্রন্থগুলি ছন্দচতুর্দশী (১৯১৫), স্বপনপসারী (১৯২২), বিস্মরণী (১৯২৭), স্মরগরল (১৯৩৬), এবং হেমন্ত গোধূলি (১৯৪১) ।

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.